বসন্তরাগ

কলমে – মধুমিতা দেব

 

বসন্তের ঐ দক্ষিণ হাওয়ায়, উথাল পাথাল মন,

অশোক, পলাশ, শিমুল যে আজ, রাঙিয়ে দিল বন।

 একশো রঙে মাতিয়ে দিয়ে, এল যে ফাগুন,

ফুলে ফুলে মৌমাছিরা করছে যে গুনগুন।

 জড়িয়ে শাড়ি বাসন্তী রঙ, সোনার তনু মেয়ে,

নীল সায়রের গভীর চোখে,দেখছে দেখ চেয়ে।

 ডুবকি দিলাম নীল সায়রে,হৃদয়েতে ঢেউ,

মনের কোনের গোপন কথা, জানেনা তো কেউ।

 ঐ বাজে গো, ধামসা মাদল, প্রেম পিয়াসীর বুকে,

রাঙা আভা ধরল যে আজ, লজ্জাবতীর মুখে।

লজ্জাবতী লজ্জাবতী, এবার সারা দাও,

তোমার সাথে আজ ভাসাব, মন-পবনের নাও।

মন-পবনের নাও যে চলে,নীল সায়রে ভেসে,

ভাসতে ভাসতে চলল যে নাও, কলাবতীর দেশে।

 কলাবতীর আঙ্গিনাতে ফুল-ফাগুনের মেলা,

তোরই সাথে কাটিয়ে দেব এবার সারা বেলা।

কেটেই যখন গেল বেলা,ও মেয়ে তোর সনে,

চল ফিরে চল আমার সাথে,লাল পলাশের বনে।

 লাল পলাশের আগুন দিয়ে, রাঙাবো তোর সিঁথি,

পূর্ণ হবে শত ফাগুন,(দোঁহে) গাইব মিলন গীতি।।

 10 total views,  10 views today