” আমার মা “

কলমে – সুমিতা পয়ড়্যা
আমার মাকে কখনো বসে থাকতে দেখিনি
সকাল থেকে ঘুমোতে যাবার আগে পর্যন্ত কখনো এক দন্ড বিশ্রাম নিতে দেখি নি,
আমার মাকে কখনো কিছু অভিযোগ করতে শুনিনি।
কখনো কখনো শান্তির জল ছেঁটানোর মত দুঃখগুলোকে মাথা নত করে গ্রহণ করেছেন।
হয়তো আড়ালে; নিরবে; নিভৃতে তাদের সঙ্গে মনের কথা বলেছেন!
আমার মা গল্পের বই পড়তে ভীষণ ভালবাসেন
এক একটা গল্পের বই যেন এক একটা খুশির জগৎ!
যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন আমার মায়ের নতুন জগতে নতুন নতুন আবিষ্কার।
কখনো বই পড়া তো কখনো সেলাই ফোঁড়াই
কখনো নকশি কাঁথা তো কখনো নরম উলের বুনন;
রাত যত গভীর হয় মা ততো একান্ত আপনার সঙ্গী হয়ে জেগে থাকেন।
ঘুম পাড়ানি গান আজও অনুরণিত হয় কর্ণকুহরে।
আমার মা বড় বেশি ভালো মানুষ ছিলেন।
গানের গলা ছিল অসাধারণ! কিন্তু কখনও গান গেয়ে শোনান নি।
যখন কেউ থাকত না, সবাই কর্মে ব্যস্ত
মা তখন গান গাইতে গাইতে কাজগুলো সারতেন।
আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি অনেকবার।
এত সুন্দর পাঁচালী পড়তেন, মহাভারত রামায়ণের সুর এখনো আমার মনে গুনগুনিয়ে ওঠে।
এক সময় আমার মা চাকরিও পেয়েছিলেন—–
বাড়ির অমতে তা আর হয়ে ওঠেনি।
আমার বাবাও কখনো পাশে থাকেন নি;
একান্নবর্তী পরিবারে হয়তো বা কথার ভাঁজে থাকতে চান নি।
শরীর খারাপ হলে ওই হাতের ছোঁয়ায় মনে প্রশান্তি এনে দিত।
মায়ের আশিসে মানুষ হওয়া হলো কিনা জানিনা!
তবু পৃথিবীর পবিত্র আচ্ছাদনে মানুষ হয়েছি—-তিনি আমার মা।
আমার সকল কর্মের অনুপ্রেরণা যোগায় মা।
কখনও না বলতে শুনিনি; সদর্থক দৃঢ়তার পরিচয়ে বহমান
মাকে আমি ভীষণ ভালো বাসি,
যেমন এক পৃথিবী কবিতার জন্য বাঁচি তেমনই আমি আমার মায়ের জন্য বাঁচি,
মায়ের গায়ের গন্ধ কি মিষ্টি মধুর তা যতই বলি কম বলা হবে,
মায়ের আঁচল একটি শান্তির নিরাপদ আশ্রয়, নিশ্চিন্তে ঘুমাবার কোল—মায়ের কোল,
এক বিরাট ছত্রছায়া যেখানে শুধু শান্তি আর শান্তি;
শীতলতায় শরীর-মন জুড়িয়ে যায় এক নিমিষে।
জাতপাত, ধর্ম- বর্ণ নির্বিশেষে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা—–
“জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী”
সকলের জীবনে “মা” রক্ষাকবচ।
মা মানে জীবনের আলোর উজ্জ্বলতা
মায়ের কাছে শিশুর পাগল প্রাণোচ্ছ্বলতা।
মা মানে সেরা আপন জন
মায়ের কাছে শিশু মানিক ধন।
মা মানে পরম নিশ্চয়তার কোল
মায়ের কাছেই শিশুর প্রথম বোল।
মা মানে মিষ্টি মিষ্টি ডাক
মায়ের কাছে শিশুর আদরের হাঁক।
মা মানে এক অনন্য স্বর্গ রাজ্য
মায়ের কাছেই শিশুর জীবন অনবদ্য।
মা মানে সেরার সেরা সম্পদ
মায়ের কাছে শিশু সোহাগের হাস্যস্পদ।
মা একটা শব্দ জীবনে জীবনের সমান
সোনার কাঠি রুপোর কাঠির ছোঁয়ায় মা মহান।
![]()







