একবার নয় বারবার

কলমে – মহামায়া রুদ্র
শুধু একবার নয়,বারবার আমি আসবো ফিরে এই বাংলায় ।
যেখানে গঙ্গা নদী যায় বয়ে
তার পবিত্র জল নিয়ে…
পাকা ধান আনে চাষী
মেঠো গান গেয়ে।
পাখিরা যায় আপন কুলায়,
মাতৃভূমির শীতল ছায়ায়…
আবার আমি আসবো ফিরে
এই বাংলায়।
একদিন ছেড়ে যাবো সবকিছু,
অপূর্ণতা নিয়ে যাবে শূন্য হৃদয়..
আমি আবার আসবো ফিরে
ভরিয়ে নিতে এ হৃদয় এই বাংলায়।
জন্মভূমির মাটি- আমার স্নেহের পরশ ভিটে,
এই খানেতে ঘুমিয়ে আছে অনেক স্মৃতির মিতে।
বহু জাতির ওই মিলন ক্ষেত্র আমাদের এই প্রাণ
একসাথে সব আমরা যে থাকি এই মায়ের সন্তান।
সন্ধ্যাবেলায় তুলসী তলায়
মায়ের হাতে প্রদীপ জ্বলে,
উলুধ্বনি আর শঙ্খ বাঁজে
জননী আমার প্রতিমার সাজে।
লাল শাড়ি আর আলতা পায়ে
সিঁদুরের ফোঁটা কপালে তে,
মুগ্ধ নয়নে চেয়ে থাকি
হৃদয় ভরে মাকে দেখি।
আবার জন্ম নিয়ে মাগো
আসবো ফিরে তোমার কোলে।
পাখির ডাকে উঠবে জেগে ,
দেখবে আমি দাঁড়িয়ে আছি
পাঁকে ফোঁটা পদ্ম রূপে।
যখন তুমি কলসি কাঁখে
আমি তখন পথের বাঁকে।
যখন তুমি মেঠো পথে
তখন আমি রাখাল বাঁশির সুরের সাথে।
নয়তো” কোনো সবুজ মাঠে
শান্ত শীতল বাতাস হয়ে প্রাণ জুড়াব সবার সাথে।
নয়তো জোস্না মাখা চাঁদ হব
আলোর রোশনাই ছড়িয়ে দেব।
আবার আমি আসবো ফিরে এই বাংলায় ।
একবার নয় বারবার আসবো ফিরে
মাগো তোমার কোলে এই বাংলায়।
![]()







